গোপালগঞ্জে প্রতিদিনই আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বিচ্ছিন্ন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন এসব নেতাকর্মী। গত চার দিনে ৩৩ জন নেতাকর্মী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে ও রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থেকে আরও ১৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এ নিয়ে গত চার দিনে গোপালগঞ্জের মুকসুদপুর, টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগ থেকে ৩৩ জন পদত্যাগ করলেন।
পদত্যাগকারী নেতারা হলেন– টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস, মুকসুদপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ, সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী এবং মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া, একই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত বৈরাগী, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুরী এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম সরকার।
সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস।
অপরদিকে, মুকসুদপুরে আলাদা সংবাদ সম্মেলন করে ১৪ নেতাকর্মী পদত্যাগ করেছেন। রবিবার রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৮ নেতাকর্মী পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে ৮ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ। তিনি বলেন, ‘আমরা মুকসুদপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা ৮ জন স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনও সম্পর্ক নেই।’
একই দিন বিকালে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের পদ-পদবি থেকে পদত্যাগ করেন আরও ছয় নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া।
রিপোর্টারের নাম 






















