আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা। পাশাপাশি বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার বিকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে বিএনপির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ছাগলনাইয়া সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু তালেব বলেন, ‘ফেনী-১ খালেদা জিয়ার আসন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।’
ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩; এই তিন আসনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন। গত ১০ দিনে ফেনীর ৩টি আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির মনোনীত তিন জন, জামায়াতের দুজন, এনসিপির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির দুজন, খেলাফত মজলিসের একজন ও দলীয় মনোনয়ন না পাওয়া চার জন বিএনপির নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একই দিন বেলা দেড়টার দিকে বগুড়া শহরের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর হেলালুজ্জামান তালুকদার বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃকভিটা গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও সবচেয়ে বেশি ভোটে ভোটাররা তাকে নির্বাচিত করবেন।’
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। এ সময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম বলেন, তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে বগুড়ায় এসে মনোনয়নপত্র দাখিল সম্ভব না হলে তার পক্ষে জেলার নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হবে।
রিপোর্টারের নাম 






















