কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোররুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে নির্বাচন অফিসের প্রহরী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভান।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়।’
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছু নথি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমের পেছনের জানালার পাশ থেকে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। এখন কীভাবে আগুন লেগেছে, কিংবা কারা দিয়েছে, খতিয়ে দেখছি।’
রিপোর্টারের নাম 






















