উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতেই একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই গুরুতর অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর। উল্লেখ্য, এই জুবেরি ভবন কেন্দ্রে ভোট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ও শাহমখদুম হলের শিক্ষার্থীরা।
কেন্দ্র পরিদর্শন শেষে শেখ নূর-উদ্দীন আবীর সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো আছে। তবে জুবেরি ভবনে থাকা আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন যে, তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। অথচ আমাদের বলা হয়েছিল নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা এই তালিকা দেখতে পারবেন। এই বিষয়টি আমি প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানিয়েছি। তিনি দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
আবীর আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি এখনো আশাবাদী, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা রাবিয়ানরা নিজেদের প্রতিনিধি নিজেদের ভোটেই নির্বাচিত করবো। কোনো ইঞ্জিনিয়ারিং হবে না বলেই আশা করছি। যদি কিছু হয়, সেটা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরবেন। আমরা শিক্ষার্থীদের নিয়ে সেটি প্রতিহত করবো।”
তিনি নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও কোনো প্রার্থী ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না এবং সেটি প্রতিহত করবে।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে।
রিপোর্টারের নাম 

























