পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়েছে। এতে পুড়ে গেছে ২৫-৩০ লাখ টাকার কসমেটিক, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ মেইন রোডের সামনে সৈয়দ ফসিউর রহমান মার্কেটে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
ধারণা করা হচ্ছে, ‘ইজি ফ্যাশন’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অগ্নিকাণ্ডে মার্কেটের একাধিক দোকানের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়ীদের দাবি, ২৫/৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, দোকান বন্ধ করে বাসায় পৌঁছানোর পর খবর পাই, মার্কেটে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখি, পুরো মার্কেটে আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান, শ্রীমঙ্গলের দুটি ও মৌলভীবাজার দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেটে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের ৫-৭ জন ফায়ার ফাইটার ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং অগ্নিকাণ্ড বৈদ্যুতিক ত্রুটি থেকে হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, আগুনে তিনটি দোকানে তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
রিপোর্টারের নাম 






















