আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চার প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন ঢাকায় বিভাগীয় কমিশনার (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয় থেকে থেকে এবং একজন ঢাকার বাইরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
তিনি জানান, ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া ঢাকা-৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রিপোর্টারের নাম 






















