মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের (ডিসি) অফিসের মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত নানা আয়োজনে এই মেলা চলবে। বিকালে জেলা প্রশাসক রেজাউল করিম এ মেলার উদ্বোধন করবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এডিসি জেনারেল ওয়ারীস আনসারি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে দেশীয় স্থানীয় শিল্প পণ্য, চারু ও কারু পণ্যের সমাহার ঘটবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টায় মেলা উপলক্ষে সংগীত পরিবেশনা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসনের মাঠ ঘুরে দেখা যায়, এখানে বিভিন্ন দেশীয় স্থানীয় শিল্প পণ্য, চারু ও কারু পণ্যের সমাহার ঘটেছে। মেলার আয়োজন ও সন্ধ্যার কনসার্টকে কেন্দ্র করে ধীরে ধীরে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন। এরইমধ্যে মেলা প্রাঙ্গণে অনেকেই ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে হাতের কারুকার্য খচিত শাড়ি দেখছেন।
মেলায় আগত হাতের কারুকার্য খচিত শাড়ির দোকান ‘ইরা বুটিকসের’ মালিক ইলিনা রাহি ইরা বাংলা ট্রিবিউনকে জানান, এখনও পুরোপুরি মেলা জমে না উঠলেও ধীরে ধীরে বেচাকেনা জমে উঠবে।
রিপোর্টারের নাম 



















