খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাগর শেখ স্থানীয় গ্রিন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ফয়েক শেখের ছেলে।
রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।
এসআই সৌরভ দাশ বলেন, `রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করি। জানা যায়, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।‘
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনিদের গ্রেফতারে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
রিপোর্টারের নাম 
























