অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই দুই সাবেক উপদেষ্টা বিএনপি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), গণঅধিকার পরিষদ বা স্বতন্ত্রভাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে মাহফুজ ও আসিফের একাধিক ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন যে, জুলাই অভ্যুত্থানের অন্যতম এই দুই নেতা আগামী এক সপ্তাহের মধ্যেই এনসিপিতে যোগ দিচ্ছেন।
জানা গেছে, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চলেছেন। আসিফ মাহমুদ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া, তাঁর ঘনিষ্ঠ সূত্র দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছে যে মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রার্থিতা করবেন। লক্ষণীয় যে, এনসিপি ১২৫ আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই দুজনের সম্ভাব্য আসনে কোনো প্রার্থী দেয়নি।
দুই সাবেক উপদেষ্টার এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাওয়া হলে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দৈনিক ইত্তেফাককে বলেন, শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতার জন্য গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটা স্বাভাবিক। তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা তাঁরা নিজেরাই কয়েক দিনের মধ্যে দেবেন। এর আগে, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমে বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাঁকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তিনি যদি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে আসেন, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। তিনি আরও বলেন, নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন তাঁকে যেভাবে স্বাগত জানানো হয়েছিল, ঠিক তেমনিভাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে তাঁদেরও স্বাগত জানানো হবে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন অন্যতম নীতিনির্ধারণী নেতা জানিয়েছেন যে, আসিফ মাহমুদ দলটিতে যোগ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে, অর্থাৎ আহ্বায়কের পরের পদমর্যাদা পাওয়ার নিশ্চয়তা চেয়েছেন। অন্যদিকে, উপদেষ্টার পদ ছাড়তে অনিচ্ছুক মাহফুজ আলম সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান চান। এসব বিষয়ে দরকষাকষির কারণেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে এই দুজন যে এনসিপিতেই আসছেন, তা নিশ্চিত বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























