টানা শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান সামরিক-বেসামরিক ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন আজ (রোববার, ১৪ ডিসেম্বর) ধার্য রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।
এ মামলায় প্রসিকিউশন পাঁচটি অভিযোগ এনেছে, যার মধ্যে বেআইনি আটক, অপহরণ, নির্যাতন এবং গুম রাখা—এই চারটি বিষয় ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের জন্য বিবেচনায় নিয়েছেন। গত ৯ নভেম্বর আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ও পলাতক আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অব্যাহতি চাওয়ার ক্ষেত্রে চারটি গ্রাউন্ডের মধ্যে উপরোক্ত চারটি গ্রাউন্ডই ট্রাইব্যুনাল বিবেচনায় নিয়েছেন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের তুলে নিয়ে গুম-নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।
১৩ জন আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনসহ তিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ আরও দশজন সামরিক-বেসামরিক কর্মকর্তা। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এ মামলার তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া, পলাতক আসামিদের হাজিরের জন্য সাতদিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল এবং গত ২৩ নভেম্বর পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।
রিপোর্টারের নাম 






















