ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখানে দলের মনোনয়নবঞ্চিত হয়েছেন সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন আনোয়ারুল।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে লড়ার ইঙ্গিত দেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন দিতে বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না। জনগণের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। দল যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে জনগণের স্বার্থে আমাকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। জনগণ আমাকে ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবেন না। বিএনপির বর্তমান মনোনয়ন বহাল থাকলে আমিও ভিন্ন সিদ্ধান্ত নেবো।’
তিনি আরও বলেন, ‘পাবনা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের অভাব অনুভব করছেন। এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রত্যাশা পূরণে অতীতে মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।’
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি মানুষের জন্য। মানুষ যদি আমাকে চায়, তাহলে আমি নির্বাচন করবো।’
মতবিনিময় সভায় আনোয়ারুল ইসলাম তার পূর্ববর্তী মেয়াদের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘সংসদ সদস্য থাকাকালে এই এলাকার অবকাঠামোর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণ, সড়কের উন্নয়ন এবং কৃষিখাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানে বাধাগ্রস্ত হচ্ছে।’
রিপোর্টারের নাম 
























