ডাকসুর ভিপির সঙ্গে শরীফ ওসমান হাদির হামলাকারীর চা খাওয়ার ছবি আছে বলে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। তাই এ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।
অপরদিকে ডিএমপির পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলীর বরাত দিয়ে রিজভীর দেওয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন অ্যাখ্যায়িত করে এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীর কর্মকর্তাকে উদ্ধৃত করে এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রিজভী জানান, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু’র ভিপি’র চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিষয়ে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
রিজভী বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জুবায়ের বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ‘তাকে কোড করে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ বোগাস, ভুয়া ও অসত্য।’ আমরা মনে করি, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মনগড়া বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারবিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘রিজভীর এই অসত্য ও অপরিণামদর্শী বক্তব্য প্রমাণ করে যে, তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না। এ ধরনের আচরণ গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর।’
তিনি অবিলম্বে রুহুল কবির রিজভীকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানান তিনি।
রিপোর্টারের নাম 
























