রাশিয়ার রাতভর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ইউক্রেনে ১০ লাখেরও বেশি পরিবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার (১৩ ডিসেম্বর) ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেন, পাঁচটি অঞ্চল আক্রান্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুন নেভানো ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ক্লিমেনকো আরও বলেন, দিনিপ্রোপেত্রোভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওডেসা ও চেরনিহিভ অঞ্চলগুলো আক্রান্ত হয়েছে। জেলেনস্কি জানান, রাতভর হামলায় রাশিয়া ৪৫০টির বেশি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে—যেগুলো উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করতে পারে বলে শনাক্ত করা কঠিন।
যুদ্ধ চলাকালে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে দেশটিতে শীত মৌসুম শুরুর এই সময়ে মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা আরও তীব্র করেছে।
এমন পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশবিষয়ক বিশেষ দূত এই সপ্তাহান্তে জার্মানিতে যাচ্ছেন। যুদ্ধ অবসানের লক্ষ্যে সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আরও আলোচনায় অংশ নেবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নেতৃত্ব দেওয়া স্টিভ উইটকফ বার্লিনে প্রস্তাবিত শান্তি চুক্তির সর্বশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন।
বার্লিনের এই আলোচনায় কোন কোন ইউরোপীয় নেতা উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই আলোচনায় অংশ নিতে পারেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডে ব্যাপক সামরিক হামলার কারণে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অস্থায়ীভাবে বাইরের সব বিদ্যুৎ–সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে এখন আবার সরবরাহ শুরুর চেষ্টা চলছে।
কেন্দ্রটি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। এটি বর্তমানে চালু না থাকলেও চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল।
অন্যদিকে রাশিয়ার আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেছেন, সারাতোভে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলে দুজন নিহত হয়েছেন।
ট্রাম্প প্রশাসন বড়দিনের আগেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে। গত কয়েক সপ্তাহে তারা ইউক্রেন ও রুশ প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছে। তবে শিগগির সমাধানের লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে।
রিপোর্টারের নাম 























