পানির অভাবে চার দিন বন্ধ থাকার পর পুনরায় কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলে কাগজ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
তিনি জানান, কর্ণফুলী নদীতে পলি জমে নাব্য সংকটের কারণে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে চার দিন পেপার মিলের উৎপাদন বন্ধ ছিল। সমস্যা সমাধানের জন্য পাম্পের স্থানে পলি পরিষ্কার করে পানির লেভেল বাড়ানো হয়েছে। এতে শনিবার দুপুর
থেকে মিলে ফের উৎপাদন শুরু হয়েছে।
তিনি আরও জানান, পেপার মিলে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন থেকে ৯১৪ মেট্রিকটন কাগজ সরবরাহের অর্ডার ছিল। ইতিমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হলেও বাকি ৩৮৭ মেট্রিক টন আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা রয়েছে। উৎপাদন ফের চালু হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে কোনও সমস্যা হবে
না।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলিয়ে মোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পায় কেপিএম।
রিপোর্টারের নাম 
























