ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সমর্থনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার ৫নং জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির এই প্রার্থী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়ে গেছে। নির্বাচন অতি সন্নিকটে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আপনারা প্রতিটি মানুষের কাছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ধানের শীষের সালাম পৌঁছাবেন এবং ভোট নিশ্চিত করবেন। আর বসে থাকার সময় নাই। মানুষের কাছে চলে যাবেন, মানুষের কাছে ভোট চাইবেন। ধানের শীষের বিজয় নিশ্চিতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে।
মাজেদ বাবু বলেন, আমার কাছে রাজনীতি কোনও ক্ষমতা নয়, আমার কাছে রাজনীতি হলো দায়িত্ব। যে দায়িত্ব আমি পরিবারকে শপথ করে, বাবা-মায়ের কাছে শপথ করে নিয়ে এসেছি। আমার কাছে রাজনীতি কোনও সুবিধা নয়, আমার কাছে রাজনীতি হলো সেবা করার মানসিকতা নিয়েই আমি এই ঈশ্বরগঞ্জে এসেছি।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















