যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদার বাহিনী গাজা শহরের শুজাইয়া এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। এই খবর জানিয়েছে আল জাজিরা।
কাতার, মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই ইসরায়েলি সেনারা আবার তাদের আগের রূপে ফিরে গেল।
এদিকে, ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা জানিয়েছেন যে, তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং অপমান করা হয়েছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনি ইসরায়েলের ওফার কারাগারকে ‘কসাইখানা’ হিসেবে বর্ণনা করেছেন।
বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে, হামাস গাজায় আটক থাকা ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও চারজনের মৃতদেহ হস্তান্তর করেছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৭,৮৬৯ জন নিহত এবং ১,৭০,১০৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে মোট ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
রিপোর্টারের নাম 






















