বলিউডে স্বজনপ্রীতি বা ‘নেপোটিজম’ বিতর্ক বহুদিন ধরেই একটি আলোচিত বিষয়। তবে এবার অভিনেত্রী সোনাক্ষী সিনহা সেই আলোচনাকে একেবারে মজার ছলে ঠাট্টায় পরিণত করলেন।
সম্প্রতি মুক্তি পাওয়া একটি ভিডিওতে সোনাক্ষী সিনহাকে দেখা গেছে মুখে একটি আক্ষরিক ‘সোনার চামচ’ নিয়ে হাজির হতে। এটি বলিউডের জনপ্রিয় প্রবাদ ‘সোনার চামচ মুখে নিয়ে জন্ম’—এর এক মজার সংস্করণ, যার মাধ্যমে তিনি যেন নিজেই স্বীকার করছেন, ‘আমি সোনার চামচ মুখে নিয়েই জন্মেছি!’
ভিডিওটি শুরু হয় বেশ রসিক একটি দৃশ্য দিয়ে—আলট্রাসাউন্ড স্ক্রিনে দেখা যায় মায়ের পেটেই ‘বেবি সোনাক্ষী’র মুখে সেই সোনার চামচটি! এরপর তার শৈশবের নানা মুহূর্ত—খেলা বা ফটো পোজ—সব ছবিতেই মুখে সেই চামচটি দেখা যায়।
শেষ দৃশ্যে বর্তমানের সোনাক্ষী ‘দাবাং’ স্টাইলে মুখে সোনার চামচ নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাজির হন এবং তার বিখ্যাত সংলাপের মজার সংস্করণ বলেন: “থাপ্পড় সে ডার নেহি লাগতা সাহেব, পেয়ার সে লাগতা হ্যায়।” ভিডিওতে সাংবাদিকরা যখন তাকে নেপোটিজম নিয়ে প্রশ্ন করেন, তখনও তিনি মুখে সেই সোনার চামচ ধরে হালকা হাসি দেন। এরপর ভয়েসওভার শোনা যায়, ‘সোনা কা সোনা তো বাই বার্থ সর্টেড হ্যায়।’ আর মিষ্টি হাসিতে সোনাক্ষীর জবাব আসে: “আপ আপনা দেখ লো?”
উল্লেখ্য, সোনাক্ষী সিনহা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহা এবং অভিনেত্রী পুনম সিনহার কন্যা। কাজের দিক থেকে সম্প্রতি তিনি ‘নিকিতা রায়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ১৮ জুলাই মুক্তি পেয়েছে। তার পরবর্তী ছবি হলো তেলুগু অ্যাকশন ড্রামা ‘জাতাধারা’, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন সুধীর বাবু ও দিব্যা খোসলা। ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়স্বাল পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর।
রিপোর্টারের নাম 

























