ন্যূনতম মজুরি বাড়ালেই শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হবে না, যদি বাড়িভাড়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না যায়। শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়াতে বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের জোরালো নজরদারি অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, কাগজে-কলমে বা টাকার অঙ্কে মজুরি বৃদ্ধি করা জরুরি হলেও তার চেয়েও বেশি প্রয়োজন শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা। দেশের বিগত দিনের অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, কেবল বেতন বাড়লে দ্রব্যমূল্যও পাল্লা দিয়ে বেড়ে যায়, ফলে শ্রমিকের জীবনযাত্রার মানে কোনো ইতিবাচক পরিবর্তন আসে না। টাকা কেবল এক শ্রেণির ব্যবসায়ীর পকেট থেকে আরেক শ্রেণির ব্যবসায়ীর পকেটে স্থানান্তরিত হয় এবং শ্রমিকেরা বরাবরের মতো অভাবের চক্রেই আটকে থাকে।
তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির সুফল পেতে হলে শ্রমিক অধ্যুষিত অঞ্চলগুলোতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং সার্বিকভাবে দেশজুড়ে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর নজরদারি থাকা আবশ্যক।
শ্রমিকদের অধিকার ও সুরক্ষায় সরকারের সুনির্দিষ্ট করণীয় তুলে ধরে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, শ্রমিকদের অন্যতম বড় সংকট হলো আবাসন সমস্যা। সরকার চাইলে বিশেষ উদ্যোগে শ্রমিকদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থাও করা যেতে পারে।
তবে এসবের পাশাপাশি একটি স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করা এবং কার্যকরভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাই শ্রমিকদের জীবনমান উন্নত করার একমাত্র দীর্ঘমেয়াদী পথ। সরকার এই পথে কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

























