সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশের পথে যে স্থাপত্যটি প্রথমেই সবার দৃষ্টি আকর্ষণ করে, সেটি হলো মক্কা গেট। বিশাল এই তোরণটি কেবল একটি সড়ক স্থাপনা নয়; এর নকশায় রয়েছে মুসলমানদের কাছে পবিত্র কোরআনের মর্যাদা ও ইসলামি ঐতিহ্যের প্রতীকী প্রকাশ। দূর থেকে দেখলে মনে হয়, একটি বিশাল কোরআন রেহালের ওপর খোলা অবস্থায় রাখা হয়েছে। এ কারণে স্থাপনাটি ‘কোরআন গেট’ নামেও পরিচিত।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ ও উমরা পালনের জন্য মক্কায় আসেন। জেদ্দা থেকে সড়কপথে পবিত্র নগরীতে প্রবেশের সময় তাদের সামনে দৃশ্যমান হয় এই স্থাপত্য। অনেকের কাছে এটি মক্কায় পৌঁছানোর একটি স্মরণীয় চিহ্ন—যাত্রাপথের এমন এক মুহূর্ত, যখন পবিত্র নগরীর উপস্থিতি চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে।
মক্কা গেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নকশা। স্থাপনাটির মূল অংশে রয়েছে খোলা কোরআনের অবয়ব, যা দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী রেহালের ওপর। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, মক্কা গেটের খোলা বইয়ের মতো অংশটি দুটি পৃষ্ঠা নিয়ে গঠিত। প্রতিটি পৃষ্ঠার উচ্চতা প্রায় ১৬ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। সড়কপথের ২৩ থেকে ৩১ মিটার উচ্চতায় স্থাপনাটির এই অংশ অবস্থান করায় মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষের চোখে এটি সহজেই পড়ে।
এই মক্কা গেটের নকশার সঙ্গে জড়িয়ে আছে সৌদি শিল্পী দিয়া আজিজ দিয়ার নাম। ১৯৭৯ সালে তিনি স্থাপনাটির নকশার ধারণা উপস্থাপন করেন। পবিত্র কোরআনের অবতরণ ও মুসলমানদের জীবনে এর গুরুত্ব নিয়ে ভাবতে গিয়ে তিনি এমন একটি স্থাপত্যের ধারণা পান, যা দেখলেই কোরআনের কথা মনে পড়ে। বিভিন্ন স্থপতি, প্রকৌশলী ও নির্মাণকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৮৫ সালে এই স্থাপনার নির্মাণকাজ শেষ হয়। আধুনিক প্রকৌশل ও ইসলামি নান্দনিকতার এই সংমিশ্রণ মক্কা গেটকে সৌদি আরবের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শনে পরিণত করেছে।

























