বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা বেশ কিছু ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত কার্যালয়টিতে এ নাশকতার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।





















