পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ফ্যাসিস্ট শক্তির সঙ্গে জড়িত রয়েছে এবং তারা বর্তমানে কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
কিছু পুলিশ কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সম্পৃক্ততার বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে তাদের পতন ঘটেছে এবং দেশের মানুষ তাদের রাজনৈতিক স্বীকৃতি দেবে না। জার্মানির নাৎসি বাহিনীর মতো এই ফ্যাসিস্ট শক্তি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।






















