অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় বিশাল এক অ্যানাকোন্ডাকে নির্ভয়ে স্পর্শ করেছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মেয়ে মালতি মেরি। মেয়ের এমন সাহসিকতা দেখে তাকে ‘সবচেয়ে সাহসী মেয়ে’ বলে অভিহিত করেছেন তিনি।
সম্প্রতি মা-মেয়ের চিড়িয়াখানা ভ্রমণের বেশ কিছু আকর্ষণীয় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই ছবিগুলো নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে বিশাল আকৃতির একটি অ্যানাকোন্ডার কাছে বসে সেটিকে ছুঁয়ে দেখছে ছোটো মালতি। মেয়ের এই মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সবচেয়ে সাহসী মেয়ে।’
চিড়িয়াখানা ঘুরে আরও বেশ কিছু প্রাণীর সঙ্গে সময় কাটিয়েছে মা-মেয়ে। একটি ছবিতে গণ্ডারের পাশে মালতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। অন্য একটি ছবিতে মেয়ের সঙ্গে জিরাফকে খাবার দিতেও দেখা যায় তাকে।
পুরো অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। কাজের হাজারো ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানোর জন্য ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা।
























