তৈরি পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে বছরওয়ারি মজুরি বৃদ্ধির হার ১২ শতাংশ প্রস্তাব করা হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালে সর্বনিম্ন গ্রেডে বছরওয়ারি ১১.২৫ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ২০২৬ সালের নতুন কাঠামোয় তা ১২ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিকদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে নতুন এই মজুরি কাঠামোর সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে শ্রমিকদের মর্যাদা ও জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মন্ত্রী শিল্প খাতের স্বাভাবিক উৎপাদনশীলতা ও কর্মপরিবেশ বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার পাশাপাশি মালিকদেরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করায় প্রতি তিন বছর পরপর শ্রমিকদের আর্থিক সুরক্ষার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে শিল্পঘন সাতটি এলাকায় পোশাকশ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।





















