চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে বোমা তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চৌকা বিওপির আওতাধীন চৌকার মাঠে এ ঘটনা ঘটে। নিহত টমাস আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চৌকার মাঠে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কে ঘটনাস্থলে গিয়ে টমাসের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের ভাই হৃদয় দুপুর আড়াইটার দিকে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চৌকার মাঠে ঘাসের জমিতে চার-পাঁচজন মিলে শক্তিশালী বোমা তৈরির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটলে টমাস ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা আহত অবস্থায় পালিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
























