দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণসহ বিভিন্ন জেলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের উন্নয়নে দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান, আটটি বিভাগীয় শহরে সমন্বিত চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫৩২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সম্প্রসারিত চিকিৎসাসুবিধা চালু হলে ঢাকার বাইরের রোগীরা নিজ নিজ অঞ্চলেই উন্নত চিকিৎসা পাবেন, যা রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমাবে। তবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের আগেই প্রয়োজনীয় চিকিৎসক ও দক্ষ জনবল নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারণে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকার অপর একটি সংশোধিত প্রকল্পও একনেক সভায় অনুমোদন পেয়েছে।





















