নুরুল ইসলাম নাহিদ, সাঈদ খোকন ও এসএম আতাউল হক দোলন—এঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রথম সারির নেতা। গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক তাণ্ডবের জেরে তাঁদের মতো অনেকেই গ্রেপ্তার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরও আওয়ামী লীগের যাঁরা এলাকায় রয়েছেন, বিদেশে পলাতক নেতাদের আহ্বানে কর্মসূচির নামে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁরা হঠাৎ করে বিপাকে পড়েছেন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা এখন ভারত, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অনেকটা নিরাপদ জীবন কাটাচ্ছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের দিল্লিতে আছেন।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ নেতার অবস্থান পশ্চিমবঙ্গের কলকাতা। সেখানে প্রায়ই তাঁরা আড্ডা জমাচ্ছেন। সামাজিক মাধ্যমে এসে দেশে কর্মসূচি পালনের জন্য উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশে দলটির নেতাকর্মীরা সংঘাতে জড়িয়ে পড়ছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শামীম ওসমান, নসরুল হামিদ বিপু, শেখ ফজলে নূর তাপসের মতো প্রভাবশালী নেতারা আছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরে। আওয়ামী লীগের এক নেতা স্ট্রিমকে জানান, দীর্ঘদিন ভারতে বসবাস করায় তাঁদের অনেকে দেশটির ‘আধার কার্ড’ পর্যন্ত করিয়ে নিয়েছেন। আরেক নেতা জানান, কলকাতার সিটি সেন্টার ও নিউমার্কেট এলাকায় প্রায়ই দেশটিতে থাকা নেতারা আড্ডা দিচ্ছেন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটির শীর্ষস্থানীয় অধিকাংশ নেতা মাঠের কোনো কর্মসূচিতে থাকছেন না। তাঁরা কর্মীদের নামিয়ে দিয়ে আড়ালে থাকছেন। অনেক সময় অর্থ দিয়ে মিছিল বা চোরাগোপ্তা কর্মসূচি করাচ্ছেন নেতারা।
দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার তথ্যে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন কলকাতার নিউটাউনের রোজডেল গার্ডেন কমপ্লেক্সে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অ্যাক্সিস মল ও নভোটেল হোটেলের পাশেই ‘ওয়ান রাজারহাট’ নামের বাড়িতে অবস্থান করছেন। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম রয়েছেন কলকাতায়। গ্রিনউড এলিমেন্টসে থাকেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন দমদমে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পুরাতন কলকাতার আলিপুরে ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সল্টলেকে অবস্থান করছেন। সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাই জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু থাকেন বাগুইআটিতে। দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বারাসাতে এবং সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল চিনার পার্কে বসবাস করছেন।
এর বাইরে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দীন, তাঁর ছেলে শেখ তন্ময়, আবুল হাসনাত আবদুল্লাহ, তাঁর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী, তানভীর হাসান ছোট মনির, নূর-ই-আলম চৌধুরী লিটন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইসমাইল চৌধুরী সম্রাট এবং শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক কলকাতাসহ দিল্লির বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে অবস্থান করা নেতারা বিভিন্ন সময় উভয় জায়গায় জড়ো হয়ে আড্ডা দেন। দলের কর্মসূচি ঠিক করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এর মধ্যে কলকাতার নিউটাউন এলাকায় থাকা সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত আওয়ামীপন্থী বিভিন্ন প্রচার মাধ্যম ছাড়াও নিজের ফেসবুকে এসে বক্তব্য দিচ্ছেন। সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা স্ট্রিমকে বলেন, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান থাকেন কলকাতা নিউটাউনের রাজারহাটে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অবস্থান মার্কুইস স্ট্রিটে। আর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু দমদম পার্ক এলাকায় বসবাস করছেন।
সূত্র জানায়, ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও বেলজিয়ামে অবস্থান করছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী-এমপি। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ৫ আগস্টের পর বেলজিয়ামে চলে যান। সেখানে তাঁর স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে। তবে ছেলে লন্ডনে পড়াশোনা করায় হাছান মাহমুদ লন্ডনেও নিয়মিত যাতায়াত করেন। গত ঈদের নামাজ ও দলীয় অনুষ্ঠানে তাঁকে প্রকাশ্যে অংশ নিতে দেখা গেছে। সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান পূর্ব লন্ডনের নিউবেরি পার্কে মেয়েদের সঙ্গে থাকছেন। সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এসেক্সের রোমফোর্ডে), সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও লন্ডনে অবস্থান করছেন এবং দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে অংশ নিয়েছেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সেন্ট্রাল লন্ডনে বসবাস করছেন। যুক্তরাজ্যে তাঁর সাড়ে তিন শতাধিক বাড়ি ও বিপুল সম্পত্তির বড় অংশ এরই মধ্যে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি জব্দ করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস অভ্যুত্থানের আগে ৩ আগস্ট সিঙ্গাপুরে চলে যান। পরে পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন বলে দল সূত্রে জানা গেছে। শেখ হাসিনার সঙ্গে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া তাঁর বোন শেখ রেহানা লন্ডনে সন্তানদের কাছে বসবাস করছেন। তবে তিনি দিল্লিতে বোনের কাছেও আসেন বলে জানা গেছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, রণজিৎ সরকার, আবু জাহির ও হাবিবে মিল্লাত যুক্তরাজ্যে আছেন। আর সাবেক প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা কলকাতা ও লন্ডনে আসা-যাওয়ার মধ্যে আছেন। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ৫ আগস্টের পর প্রথমে সংযুক্ত আরব আমিরাতের আজমান ও দুবাইয়ে দেখা যায়।
পরে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। এ ছাড়া সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক হুইপ সানজিদা খানম এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামও যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানা গেছে। অন্যদিকে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তাঁর স্ত্রী নাহিদ সুলতানা যূথীকে নিয়ে কানাডায় অবস্থান করছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পত্তি নিয়ে অবস্থান করছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সাবেক এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ডে নাগরিকত্ব নিয়েছেন।
তবে তাঁকে ছেলের সঙ্গে দুবাইয়েও দেখা গেছে। ভোলার সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন নেপাল ও কলকাতা হয়ে বর্তমানে সৌদি আরবে আছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম থেকে জাহাজে করে সিঙ্গাপুরে পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিলাসবহুল আবাসিক টাওয়ার ‘সুপালাই রিভার রিসোর্টে’ দিন কাটছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের। স্ত্রী-সন্তানের কানাডার নাগরিকত্ব থাকায়, নিয়মিত সেখানেও হানিফ যাতায়াত করেন বলে জানা গেছে। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্দোলনের সময়ই পরিবারসহ সিঙ্গাপুরে চলে যান। দুবাইয়েও তাঁর বড় ব্যবসা ও সম্পদ রয়েছে। দুটি দেশেই পালাক্রমে থাকছেন তিনি।
আওয়ামী লীগের শতাধিক সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় নেতারা রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, বসুন্ধরা আবাসিক এলাকা, আফতাবনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতার দাবি, স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের সঙ্গে সমঝোতা করে তাঁদের অনেকে ঢাকায় অবস্থান করছেন। শীর্ষ নেতাদের বাইরে থাকা এবং দেশে কর্মীদের ঝুঁকির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপে স্ট্রিমকে বলেন, আমাদের কে, কোথায় আছেন, তা কৌশল হিসেবেই গোপন রাখা হয়েছে। যাঁরা রাজপথে, তাঁরাও যেমন আওয়ামী লীগের কর্মী। আবার যাঁরা কৌশলে আড়ালে আছেন, তাঁরাও দলের শক্তি। কৌশল তো আর দল প্রকাশ করবে না। তবে সময় হলে আমাদের সবাইকে রাজপথে দেখতে পাবেন।
আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও পলাতক নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন বিএনপি। পাশাপাশি দলের কেউ দলটির পলাতক নেতাদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্ট্রিমকে বলেন, ‘বিএনপির কেউ মনের ভুলে কিংবা আত্মীয়তা ও বন্ধুত্বের সুযোগে আওয়ামী লীগের কাউকে সহযোগিতা করতে চায়, তাঁকেও জবাবদিহির আওতায় আনা হবে।’ আওয়ামী লীগের চোরাগোপ্তা কর্মসূচির বিষয়ে তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচি না থাকলেও, স্থানীয়ভাবে তা প্রতিহত করা হবে। প্রিন্স বলেন, ‘শেখ হাসিনাসহ অন্যান্য নেতারা যখন পালিয়ে যান, তখন তাঁরা মাঠপর্যায়ের নেতাকর্মীদের কথা চিন্তাও করেননি। এরাই এখন বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে দেশের কর্মীদের উসকানির মাধ্যমে বিপদের মুখে ফেলছেন।
পলাতক নেতারা দেশে থাকা কর্মীদেরও শত্রু, অথচ এরা বুঝতে পারছে না।’ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নীরবে স্বাভাবিক জীবনযাপন করছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিদেশ থেকে উসকানি দিয়ে তাঁদের স্বাভাবিক জীবনেও বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই না ভারত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের সরাসরি প্রশ্রয় দিচ্ছে। তবে ভারত সরকারের উচিত এদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা আওয়ামী লীগ করছে, তা দেশদ্রোহিতার শামিল। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি আরও বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিএনপি সরকার ক্ষমতায় থাকায় ডিসেম্বরজুড়ে জনগণকে সম্পৃক্ত করে বড় আকারে বিজয় উৎসব পালন করা হবে।

























