বিনা অভিযানেই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার অভিনব প্রচার চালিয়ে সমালোচনার মুখে পড়েছে বরগুনা পৌরসভা। রুটিন কাজের অংশ হিসেবে ফেসবুকে পেজে পোস্ট করা ছবিতে পুরোনো ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কাল্পনিক দৃশ্য ব্যবহারের সত্যতা মিললে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয়।
শনিবার (২২ নভেম্বর) পৌরসভা কর্তৃপক্ষ ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের দাবি করে কিছু ছবি প্রকাশ করে। তবে দ্রুতই ধরা পড়ে যে, ছবিগুলোর বড় অংশই গত ১৭ নভেম্বরের এবং বাকিগুলোতে এআই প্রযুক্তির মাধ্যমে অবাস্তব গাছপালা ও পরিবেশের দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে। আবহাওয়া বৈরী থাকা সত্ত্বেও রৌদ্রোজ্জ্বল পরিবেশের ছবি দেওয়ায় পৌরসভার তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক সঞ্জীব চন্দ্র রায় জানান, বৈরী আবহাওয়ার কারণে সেদিন অভিযান বাতিল হলেও পুরোনো ছবি ও এআই ছবি ভুলবশত ফেসবুকে আপলোড করা হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পোস্টটি মুছে ফেলা হয় এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মীকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানা গেছে।






















