শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কেবল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। শুক্রবার ঢাকায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির সংযোজন করা হয়েছে। দেশের প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সেমিনার থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের শিক্ষার মানোন্নয়নে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় উপাচার্যরা উপস্থিত ছিলেন। সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী।


























