আন্তর্জাতিক শিক্ষা রূপান্তর, গবেষণা বৃদ্ধি ও উচ্চশিক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনের সমাপনী দিনে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩০টিরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত এ সম্মেলনের সমাপনী অধিবেশনে শনিবার (২১ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করা হয়। তিন দিনব্যাপী (১৯-২১ নভেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ২৪টিরও বেশি দেশের প্রায় ১০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর ও শীর্ষ শিক্ষাবিদরা অংশ নেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বছরব্যাপী রজতজয়ন্তী আয়োজনের অংশ হিসেবে এ সম্মেলনের মূল থিম ছিল—‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’।
সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ ইউরোপ, অস্ট্রেলিয়া, উপসাগরীয় অঞ্চল, এশিয়া ও আফ্রিকার রাষ্ট্রসমূহের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ করে। সমঝোতা স্মারক স্বাক্ষরের এই বিশাল সংখ্যাকে আইএইউপির সম্মেলনের ইতিহাসে অন্যতম বড় অর্জন বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
এই সাফল্যের গুরুত্ব তুলে ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট ড. মো. সবুর খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অর্থবহ অংশীদারত্ব গঠন, জ্ঞান বিনিময় ও একাডেমিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণকে আইএইউপি সর্বদা প্রাধান্য দেয়। আন্তর্জাতিক এই মেলবন্ধন বিশ্বব্যাপী শিক্ষার্থী ও গবেষকদের নতুন দুয়ার উন্মোচন করবে।’
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এসব দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে তিনি দেশ-বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে আইএইউপির বৈশ্বিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান।


























