১৮ নভেম্বর ২০২৬, বুধবার। দিনটি আমার জীবনের স্মৃতির পাতায় এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (১৯৬৬-২০২৬) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরক জয়ন্তীতে ২৫তম ব্যাচের বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফিরে যাওয়ার সুযোগ হয়।
ক্যাম্পাসে প্রবেশের পর উৎসবের ইউনিফর্ম ও সুভেনিয়র সংগ্রহ করে পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে দিনটি শুরু হয়। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলোর দেখা পাওয়া এবং স্মৃতিচারণ উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। দুপুরের খাবারের পর সহপাঠীদের নিয়ে আমরা আমাদের স্মৃতিবিজড়িত কলা অনুষদ ও রাজনীতি বিজ্ঞান বিভাগের করিডোরে ফিরে যাই।
এই স্মৃতির সফরে আমার সঙ্গী ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, প্রিন্সিপাল আবু ওবায়দা মনি, অধ্যাপক আহমদ হোসাইন, অধ্যাপক কৃষ্ণা দাস, ব্যবসায়ী সৈয়দ মিজানুর রহমান ও কাজী ফরিদুল হকসহ প্রিয় সহপাঠীরা।
সময়ের স্রোতে দীর্ঘ ত্রিশটি বছর পেরিয়ে আজ যখন আবারও সমাজবিজ্ঞান অনুষদের সিঁড়ি বেয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের বারান্দায় দাঁড়ালাম, তখন বুকের ভেতরটা এক অদ্ভুত আবেগে কেঁপে উঠল। মনে হলো, ঘড়ির কাঁটা তিন দশক পেছনে ফিরে গেছে। বিভাগের করিডোর ও ক্লাসরুমের দেয়ালে আজও যেন আমাদের যৌবনের উচ্ছ্বাস লেগে আছে। একসময় এই কক্ষগুলোতেই প্লেটো-অ্যারিস্টটলের দর্শন আর সমসাময়িক রাজনীতির তর্কে মেতে থাকতাম। শ্রদ্ধেয় শিক্ষকদের গম্ভীর কণ্ঠস্বর আজও যেন কানে বাজে।
ত্রিশ বছরে ক্যাম্পাসের অবকাঠামোয় এসেছে অনেক পরিবর্তন। নতুন ভবন ও নতুন প্রজন্মের কোলাহল দেখে নিজেদের তারুণ্যের দিনগুলোর কথা মনে পড়ে যায়। বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের সময়কার স্মৃতিকে যেন নতুন করে জীবন্ত করে তুলল।


























