কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমিনের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বোর্ডের নেতৃবৃন্দ। শুক্রবার দফতর সম্পাদক মাওলানা রেজাউল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুফতি রুহুল আমিন একজন বিশিষ্ট আলেম এবং আধ্যাত্মিক রাহবার। কোনো কারণ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ ধর্মীয় বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে তারা অভিযোগ করেন। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই তাকে মুক্তি দিতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী আলেমদের মধ্যে মাওলানা নূরুল হক, মাওলানা কবিরুল ইসলামসহ দেশের শীর্ষস্থানীয় অনেক আলেম রয়েছেন। তারা সরকারকে ইসলামবিদ্বেষী শক্তির ফাঁদ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আলেমদের ওপর দমন-পীড়ন চালিয়ে অতীতে কোনো সরকারই সফল হতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।

























