উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রধানদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি)-এর সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এ সম্মেলনটি দক্ষিণ এশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বের শতাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক উপাচার্য, প্রেসিডেন্ট, গবেষক ও উচ্চশিক্ষা খাতের নীতিপ্রণেতারা তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছেন। সম্মেলনের অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশের সংসদীয় ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়।
পরবর্তীতে ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এক পরিচিতি ও স্বাগত সভা অনুষ্ঠিত হয়। এতে আইএইউপি প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আয়দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় এআই প্রযুক্তির প্রভাব, পরিবেশবান্ধব ক্যাম্পাস ও উদ্ভাবনী গবেষণা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে।


























