বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদে বাহিনী জানতে পারে, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্ট বোঝাই করে নৌকাগুলো মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়। এরপর নৌবাহিনীর সমুদ্র টহল জোরদার করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে টহলে থাকা নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন সংলগ্ন সাগরে তিনটি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকা শনাক্ত করে। থামার নির্দেশ দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ ধাওয়া চালিয়ে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের নৌকাগুলো আটক করতে সক্ষম হয়।
তল্লাশিতে তিন নৌকা থেকে মোট ১৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮৭৯,৫০০ টাকা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ জন মাঝিমাল্লাকেও আটক করা হয়।
জব্দ করা মালামাল, নৌকা এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, অধিক মুনাফার আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালান কার্যক্রমে জড়িত। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সাগরে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রেখে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























