ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীনভাবে লড়াই করেছেন। বর্তমানে গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি।’
বুধবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন মাজেদ বাবু। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বলেন, ‘গণতন্ত্রের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নেতৃত্বের প্রতীক। এই সংকটময় সময়ে খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রার্থনা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী।
রিপোর্টারের নাম 























