গাজীপুরের শ্রীপুরে আগুনে গ্যারেজসহ ১৫টি অটোরিকশা পুড়ে গেছে। এ সময় পাশের বিভিন্ন দোকান, ঢালাইয়ের মিক্সার মেশিন এবং মালামাল পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে বিএনপি নেতা আবুল মুনসুর মণ্ডলের মালিকানাধীন গ্যারেজে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় চা দোকানি মোজাম্মেল হোসেন জানান, রাত ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে গেছে। পাশে এক ব্যক্তির প্রায় চার লাখ টাকার ঢালাইয়ের মিক্সার মেশিন পুড়ে ছাই হয়ে যায়।
মাইক এবং সাউন্ডবক্সের দোকান মালিক লোকমান হোসেন বলেন, ‘ভোরে দোকানে আগুন লাগার খবর পাই। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কাছে যাওয়া যায়নি। দোকানের মূল্যবান সাউন্ডবক্স এবং মাইকসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
অটোরিকশামালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, সুলতান উদ্দিন, আব্দুস সামাদ, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হিমেল, মোহাম্মদ মনসুর আলীসহ অন্যরা জানান, তারা বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে লোন নিয়ে এবং সুদে টাকা নিয়ে অটোরিকশা কিনেছেন। অনেক মালিক এখনও তাদের কিস্তির টাকা এবং সুদের টাকা পরিশোধ করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত গ্যারেজমালিক, দোকানমালিক এবং অটোরিকশা মালিকরা দাবি করেন, আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ২০টি অটোরিকশা, সাউন্ডবক্স, মাইক, মুদিদোকানের সব মালামাল এবং চা দোকান পুড়ে গেছে।’
গ্যারেজমালিক আবুল মুনসুর মণ্ডল জানান, ভোর সাড়ে ৪টার দিকে গ্যারেজের পাশের চা দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পাশের সাউন্ড বক্সের দোকান, মুদি এবং অটো গ্যারেজে ছড়িয়ে পড়ে। এসময় গ্যারেজে চার্জ দিয়ে রাখা ১৫টি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে যায়।
রিপোর্টারের নাম 





















