চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বকেয়া বেতনের দাবিতে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। বুধবার সকালে উপজেলার ফকিরনীর হাট এলাকায় অবস্থিত ‘বিএলপি ওয়ার্ম ফ্যাশন লিমিটেড’ কারখানার প্রধান ফটকে কয়েকশ শ্রমিক অবস্থান নিয়ে এই আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে নিয়মিত বেতন পরিশোধ করা হয় না। আগস্ট মাস চললেও এখনো জুন মাসের বেতন পাননি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন, “তিন মাসের বেতন বাকি পড়তে যাচ্ছে। বাড়িভাড়া ও দোকানের বকেয়া নিয়ে আমরা চরম বিপাকে আছি। দিনরাত পরিশ্রম করেও যদি সময়মতো বেতন না পাই, তবে পরিবার নিয়ে কীভাবে বাঁচব?”
জানা গেছে, কারখানাটির মালিক বিজিএমইএর সাবেক পরিচালক মো. মহিউদ্দিন। শ্রমিকদের অভিযোগ, মালিকের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শ্রমিকদের পাওনা পরিশোধে গড়িমসি করা হচ্ছে। বারবার পুলিশি মধ্যস্থতায় বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ তা রক্ষা করেনি। শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করা না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
রিপোর্টারের নাম 

























