সিলেটের ওসমানীনগরে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছে যমজ দুই ভাইবোন রাহীম আহমদ ও মাহি সুলতানা আহমদ। তারা দুজনই জিপিএ-৫ অর্জন করে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে তারা এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
রাহীম ও মাহি স্থানীয় তাজপুর সদর ইউনিয়নের দশহাল গ্রামের ইতালি প্রবাসী হেলাল আহমদ ও জাসমিন সুলতানার সন্তান। তাদের এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আনন্দের আমেজ বিরাজ করছে। ভবিষ্যতে রাহীম অণুজীববিজ্ঞানী এবং মাহি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এই প্রতিষ্ঠান থেকে মোট ১৮৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১০৭ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। যমজ দুই শিক্ষার্থীর এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























