সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিজের দুই শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই অভিযোগে ঘাতক বাবা কামরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিশুরা হলো—মুহাদ্দিস (৭) ও তুলনা (৪)। স্থানীয়দের উপস্থিতিতে নিজের অপরাধ স্বীকার করার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে কামরুল তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সোমবার রাতে তিনি একা বাড়ি ফিরলে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। প্রথমে সন্তানদের নিখোঁজ হওয়ার কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করলেও বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর জেরার মুখে তিনি দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাওর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কামরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























