রাজধানীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। ‘বৃষ্টিতে থেমে যাবে না পড়াশোনা’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। বিগত ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাষ্ট্র যেখানে অর্থের অভাবে কারো শিক্ষা বা চিকিৎসা বন্ধ হবে না। তিনি প্রতিশ্রুতি দেন, নগরীর দায়িত্ব পেলে প্রতিটি ওয়ার্ডে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে মানসম্মত স্কুল ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে।
শিক্ষার বাণিজ্যিকীকরণের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষা অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে রাষ্ট্র ও সিটি করপোরেশনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। আগামী দিনে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 





















