সারাদেশে তীব্র তাপদাহ ও জ্বালানি সংকটের কারণে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর (পবিস) কার্যালয় ও গ্রিড উপকেন্দ্রগুলোতে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জানমালের নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।
চিঠিতে জানানো হয়, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় গ্রামাঞ্চলে দীর্ঘসময় লোডশেডিং করতে হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলো হামলার শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। বর্তমানে ৫ কোটিরও বেশি গ্রাহকের সেবা নিশ্চিত করা পবিসের কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, দৈনিক গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দিতে বাধ্য হওয়ায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিটি উপকেন্দ্র ও অফিসে পুলিশি পাহারা জোরদার করার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















