প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, বিগত ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে জ্বালানি খাত বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত এই সমস্যা মাত্র কয়েক মাসে শতভাগ সমাধান সম্ভব না হলেও বর্তমান নির্বাচিত সরকার টেকসই ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বিষয়ক এক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সর্বোচ্চ চেষ্টা চলছে। ইনশাআল্লাহ, কার্যকর পদক্ষেপের মাধ্যমে মধ্যমেয়াদে জ্বালানি সংকটের একটি স্থায়ী সমাধান নিশ্চিত হবে।
কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকার সরাসরি জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে স্থানীয় নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি ডিজিটাল মেলবন্ধন তৈরি করা হবে। পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই ২০২৬ সালের নির্বাচিত বিএনপি সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 






















