ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে। সর্বশেষ দুটি চিঠিতে সরাসরি হত্যা এবং তাদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে সৌরভ গাঙ্গুলী দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ গত কয়েক মাস ধরেই এ ধরনের হুমকিপূর্ণ চিঠি পাচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন। অভিযোগ দায়েরের পর কলকাতা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। হুমকির চিঠিগুলো কারা পাঠাচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য কী, তা খুঁজে বের করতে কাজ করছেন তদন্তকারীরা।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। চিঠির ভাষা, পাঠানোর উৎস এবং কুরিয়ার সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। সর্বশেষ হুমকির চিঠি সৌরভ তাঁর কার্যালয়ে পাওয়ার পর তিনি থানায় অভিযোগ করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সর্বশেষ চিঠি দুটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকতে পারেন। এ বিষয়ে নিশ্চিত হতে কুরিয়ার প্রতিষ্ঠানের কাছ থেকে পার্সেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ একটি মোবাইল নম্বরও শনাক্ত করেছে এবং ওই নম্বরের বর্তমান অবস্থান ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, সৌরভকে পাঠানো সব হুমকির চিঠিই একই ব্যক্তির কাছ থেকে এসেছে কি না, এবং এর পেছনের প্রকৃত কারণ বা উদ্দেশ্য কী।
রিপোর্টারের নাম 























