নেত্রকোণার পূর্বধলায় কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন খরচ ও শ্রম হ্রাস এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন চারা রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের সিজকান্দি এলাকার ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন, পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি এহসানুল হক, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু হুজাইফা, হানিফ উদ্দিন, পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলামসহ স্থানীয় কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে রাইস ট্রান্সপ্লান্টারের মতো আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে কৃষকদের উৎপাদন খরচ ও শ্রম—দুটিই কমবে। একই সঙ্গে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়লে খাদ্যনিরাপত্তা জোরদার এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে। তিনি ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’র উদ্যোক্তা সাজ্জাতুন নুর নিলয়। তিনি বলেন, ফার্মে চাষাবাদ, মাড়াইসহ কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করা হচ্ছে। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার জনপ্রিয় করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে। ভবিষ্যতেও কৃষির উন্নয়ন ও যান্ত্রিকীকরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে স্থানীয় কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে সংসদ সদস্য মাছুম মোস্তফা ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন। এসময় উপজেলা কৃষি উপসহকারী আশরাফুল আলম, জাহিদ ইকবাল সিজারসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























