চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরণের বিপর্যয় দেখা দিয়েছে। সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করতে সমর্থ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অন্যদিকে, ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য বা ফেল করেছে।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল তুলে ধরেন। প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত ২০২৫ সালের তুলনায় এ বছর সার্বিক পাসের হার কমে গেছে। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা এ বছর ৬ দশমিক ২ শতাংশ কমে ৬২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে।
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার খাতা মূল্যায়নে কঠোরতা এবং একাধিক প্রধান বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফলের কারণে সার্বিক পাসের হার ও পাস করা শিক্ষার্থীর সংখ্যা কমেছে। অকৃতকার্য পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়মে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ পাবে।
রিপোর্টারের নাম 



















