টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। আদিবাসীদের অধিকার, মর্যাদা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আদিবাসী সংগঠন ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে এই দিবস উদযাপিত হয়।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আচিক মিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, নাগরিক উদ্যোগ, বাগাছাস, কারিতাস, বেলাসহ আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে উপজেলার ভুটিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বক্তারা আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের সকল স্তরের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। তারা বৈষম্যহীন সমাজ গঠনে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মি. ইউজিন নকরেক। সভার উদ্বোধন করেন মি. অজয় এ মৃ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আদিবাসী গবেষক ও লেখক মি. থিওফিল নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, অবসরপ্রাপ্ত জেলা জজ জগদিস চন্দ্র বর্মণ, মি. মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন এবং কারিতাসের আঞ্চলিক পরিচালক মিসেস রোজী রংমা।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
রিপোর্টারের নাম 

























