বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও আসমা বেগম (৩২) নামে চার সন্তানের জননীর সন্ধান মেলেনি। গত ৫ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এই ঘটনায় তার স্বামী শিপন সরদার বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার কেদারপুর ইউনিয়নের সানিকেদারপুর গ্রামের বাসিন্দা আসমা বেগম রাজমিস্ত্রি শিপন সরদারের (৪০) স্ত্রী। তার বাবার বাড়ি মুলাদী উপজেলার চর কমিশনার ইউনিয়নে। আসমার স্বামী শিপন সরদার জানান, ঘটনার দিন সকালে তিনি কাজে বের হন এবং সন্ধ্যায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
শিপনের অভিযোগ, আসমা বাড়ি ছাড়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার বেশি মূল্যের মালামাল নিয়ে গেছেন। তিনি আরও জানান, এর আগেও আসমা একাধিকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। নিখোঁজ হওয়ার আগে তিনি আসমার অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টিও লক্ষ্য করেছিলেন বলে দাবি করেন। শিপন সরদারের ধারণা, তার স্ত্রীকে তার বাবার বাড়ির পরিবারের কেউ প্ররোচিত করে থাকতে পারেন। স্ত্রী নিখোঁজ হওয়ার পর চার সন্তানকে নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























