সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।
২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর বাইডেন আক্রমণাত্মক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের হাড়সহ অন্যান্য অংশেও ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। এরপর তিনি রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপির মতো চিকিৎসা গ্রহণ করেন। গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন জানিয়েছিলেন, তার চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে’।
তবে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার ছেলে হান্টার বাইডেন জানান, চিকিৎসা চললেও তার বাবার ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। হান্টার বলেন, ‘ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি তার হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এখনো এই দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তার বিশ্বাস অটুট।’ বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে হান্টার বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এ অবস্থায় দেখতে খুবই কষ্ট হয়।’
মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ছিল। এসব উদ্বেগের মধ্যেই তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে তার হতাশাজনক পারফরম্যান্স এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রিপোর্টারের নাম 





















