চট্টগ্রাম: গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়া শিল্পকারখানার ব্যাংকঋণের সুদ মওকুফসহ অন্তত তিন মাসের কিস্তি স্থগিত রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রোববার (৯ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের অভাবের কারণে রপ্তানিমুখী গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আবার অনেক কারখানাগুলোর উৎপাদনও অর্ধেকে নেমে এসেছে।
চেম্বার বলছে, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটের কারণে দেশের প্রায় সব কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্যের রপ্তানি ও বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, ব্যাংক সুদ, ইউটিলিটি বিলসহ অন্যান্য নিয়মিত খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ, ব্যাংকঋণ সময়মতো পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধের জন্য অন্তত তিন মাস সময় দেওয়া হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে মনে করে চেম্বার।
চট্টগ্রাম চেম্বারের মতে, এ ধরনের উদ্যোগ শিল্পখাতকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগের বার্তা দেবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 

























