খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির বাসভবনে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তেঁতুলতলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাহাদুর মুন্সির বাড়ির সামনে এসে অবস্থান নেয়। তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি ঘরের জানালার কাঁচ ভেদ করে এবং অন্যটি দরজায় আঘাত করে। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























