দেশের বিলুপ্তপ্রায় দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে হাওর, নদী ও বিলগুলোতে ‘মা মাছের অভয়াশ্রম’ গড়ে তোলার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাকৃতিক জলাশয়গুলোতে বিশেষ সংরক্ষিত এলাকা বা খাঁড়ি তৈরি করে সেখানে পাহারাদার নিয়োগ করা হবে, যাতে প্রজনন মৌসুমে কেউ মা মাছ ধরতে না পারে। আগামী মৌসুম থেকেই এই প্রকল্প মাঠ পর্যায়ে কার্যকর শুরু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে শনিবার দুপুরে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিত কীটনাশকের ব্যবহার ও জলাশয় দখলের কারণে আমাদের দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। বর্তমান নির্বাচিত সরকার প্রাকৃতিক উৎস থেকে মাছের উৎপাদন বাড়াতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, হাওর ও জলাভূমি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মা মাছের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করা গেলে চাষের মাছের ওপর নির্ভরতা কমবে এবং সাধারণ মানুষ আবারও প্রাকৃতিক স্বাদের দেশীয় মাছের জোগান পাবে। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















